সেই মেয়েটির নাম অপু বিশ্বাস




আজ থেকে প্রায় দশ বছর আগের কথা। বগুড়ার খ্যাতিমান নৃত্য সংগঠন আমরা ক’জনা শিল্পী গোষ্ঠীর সভাপতি আবদুস সামাদ পলাশ তার সংগঠনের চারজন নৃত্যশিল্পীকে নিয়ে ঢাকায় এসেছিলেন একটি নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে। অনুষ্ঠান শেষে আবদুস সামাদ পলাশ যোগাযোগ করেন কৃতী সন্তান, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে। পলাশের ফোন পেয়ে সাগরের তাৎক্ষণিক আমন্ত্রণ এভাবে- ‘তোমার নৃত্যশিল্পীদের নিয়ে চলে এসো, আমি একটি নাচ রেকর্ড করবো।’ এমন আমন্ত্রণে চ্যানেল আইতে চার নৃত্যশিল্পীকে নিয়ে দ্রুত ছুটে গেলেন আবদুস সামাদ পলাশ। চার নৃত্যশিল্পীর একটি নাচ রেকর্ড করা হলো চ্যানেল আইতে। নাচ রেকর্ড হওয়ার পর ফরিদুর রেজা সাগর চারজনের মধ্যে একজনকে দেখিয়ে পলাশকে পরামর্শ দিলেন এভাবে- ‘এই মেয়েটির প্রতি যত্ন বেশি নিও, কারণ মনে হচ্ছে মেয়েটি একদিন অনেক বড় হবে।’ অবাক হলেও সেই মেয়েটি অবশ্যই বড় হয়েছে, তবে নাচে নয়, অভিনয়ে, সিনেমায়। সেদিনের সেই মেয়েটিই আজকের বাংলাদেশের সিনেমার এক নম্বর নায়িকা অপু বিশ্বাস। বগুড়ার মেয়ে অপু বিশ্বাস সম্পর্কে ফরিদুর রেজা সাগরের সফল ভবিষ্যদ্বাণীর কথা অত্যন্ত গর্বের সঙ্গে আত্মতৃপ্তির সঙ্গে আবদুস সামাদ পলাশ যখন বগুড়ার শহীদ টিটু মিলনায়তনের মঞ্চে দাঁড়িয়ে বর্ণনা করছিলেন তখন হল ভর্তি দর্শকের করতালির আনন্দময় শব্দে ভেসে যাচ্ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ফরিদুর রেজা সাগরের সব সফরসঙ্গী। ফরিদুর রেজা সাগরের দূরদর্শিতার পুরনো পরিচয় নতুনভাবে পেয়ে আরেকবার গর্বে ভরে উঠেছিল সবার বুক। উল্লেখ্য, অপু বিশ্বাস অবন্তি বগুড়ার আমরা কজনা শিল্পী গোষ্ঠীর সদস্য ছিলেন।  ইমপ্রেস টেলিফিল্মের ছবি আমজাদ হোসেনের ‘কাল সকালে’র ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে যাত্রা শুরু। পরবর্তীতে মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এবং এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে তিনি তারকা খ্যাতি লাভ করেন। বর্তমান চলচ্চিত্রের এক নম্বর নায়িকা অপু বিশ্বাস ইমপ্রেস টেলিফিল্মের ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’-এর পার্বতী চরিত্রে অভিনয় করছেন।

সুত্রঃ মানবজমিন

Comments