‘আমার অভিনীত সব ছবিই ভাল চলবে এটি কেন আশা করা হয়’?



সময়ের সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস। এই ঈদেও তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে দু’টি। এগুলো হলো বদিউল আলম খোকন পরিচালিত ‘একবার বলো ভালোবাসি’ এবং এমবি মানিক পরিচালিত ‘জান কুরবান’। ঈদের ছবি প্রসঙ্গসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আজকের ‘টেলিফোনে কিছুক্ষণ’ বিভাগে কথা বলেছেন অপু বিশ্বাস। তার সঙ্গে কথা বলে লিখেছেন সাইফ চন্দন
কেমন আছেন?
এই তো আছি বেশ। শুটিং করছি নিয়মিত। শুটিং ব্যস্ততাতেই সুখ খুঁজে নিই।
এখন কোন ছবির শুটিং করছেন
এফডিসিতে শুটিং চলছে শাহাদাত হোসেন লিটনের পরিচালনায় ‘ভুলবো না তোমাকে’ ছবির। শিবু দা’র প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শাহাদাত হোসেন লিটন। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। এর গল্পটি অনেক মজার। কিছুটা কমেডি ধাঁচের। বর্তমানে ছবিটির একটি ড্রামা সিকোয়েন্সের শুটিং চলছে।
ঈদে আপনার দু’টি ছবি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে বলুন
একটি ছবি হলো বদিউল আলম খোকনের পরিচালনায় ‘একবার বলো ভালোবাসি’। অন্যটি এমবি মানিকের পরিচালনায় ‘জান কুরবান’। গত বছর ঈদে খোকন ভাইয়ের পরিচালনায় ‘নাম্বার ওয়ান শাকিব খান’ সর্বাধিক ব্যবসা করেছে। এছাড়া এর আগে এমবি মানিকের পরিচালনায় ‘জান কুরবান’ বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে। এ দু’জন পরিচালকের সঙ্গে আমার আর শাকিব জুটির ভাল লাক ফেবার করে।
জানা গেছে দু’টি ছবিতে প্রায় এক কোটি টাকা করে লস হচ্ছে
ব্যবসার এ বিষয়টি আমি বলতে পারবো না। আমি তো ব্যবসায়ী নই, শিল্পী। শিল্পের জায়গা থেকে ছবি দু’টি অনেক আপগ্রেড মনে হয়েছে।
কিন্তু এর আগে আপনার অভিনীত ‘কোটি টাকার প্রেম’ ও ‘মনের জ্বালা’ ছবি দু’টির কোটি টাকার ওপরে লস হয়েছে। সে সম্পর্কে তো জানেন?
শুনেছি ছবি দু’টি বেশ খারাপ চলেছে। আর আমার অভিনীত সব ছবিই ভাল চলবে এটি কেন আশা করা হয়। বিশ্বব্যাপী শাহরুখ, ঐশ্বরিয়া, সালমান এমনকি অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারের ছবিও তো ফ্লপ হয়।
অন্যান্য ছবির ব্যস্ততা প্রসঙ্গে বলুন
এমবি মানিকের পরিচালনায় ‘এক টাকার দেনমোহর’, চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘দেবদাস’ ছবির শুটিং এরই মধ্যে শেষ করেছি। বর্তমানে শুটিং চলছে ‘ভুলবো না তোমাকে’ ও ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবির। এছাড়া মুক্তি অপেক্ষায় আছে মোহাম্মদ হোসেন জেমীর পরিচালনায় ‘কিং খান’সহ আরও কয়েকটি ছবি।



সুত্রঃ মানবজমিন

Comments